আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মারফত আলী (২৮) নামে এক যুবককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের বাসিন্দা। তিনি রেজাউল হকের ছেলে। রবিবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে রোয়াকুলি বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।


