বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘লোকমোর্চা’-কে আরও কার্যকর, জনসম্পৃক্ত ও টেকসই করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় কৃষি উন্নয়ন, পারিবারিক বিরোধ নিষ্পত্তি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মো. বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এতে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার লোকমোর্চার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।সভায় কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষি সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।এছাড়া, আবেদনের পরিপ্রেক্ষিতে পারিবারিক কলহে জড়িয়ে পড়া ভিকটিম আফরোজা ও ফারহানা ইয়াসমিনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জেলা লোকমোর্চার করণীয় নির্ধারণ করা হয়। পারিবারিক বিরোধের ক্ষেত্রে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।সভায় জিনিয়ার পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে জেলা লোকমোর্চার সফল মধ্যস্থতার একটি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। এ উদ্যোগের ইতিবাচক ফলাফল উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বক্তারা বলেন, সামাজিক ও পারিবারিক সংকট নিরসনে লোকমোর্চার মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সভা শেষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা আলোচ্যসূচির বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে লোকমোর্চাকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


