আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে। বুধবার (৮ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।পরিদর্শনকালে তিনি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য নিশ্চিত করা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। ইউএনও শাহীনুর আক্তার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার প্রতিটি কেন্দ্রে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও মানসিক চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পরিদর্শন শেষে ইউএনও কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়। প্রশাসনের কঠোর নজরদারি এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার কারণে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার পুরো সময়জুড়ে উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।


