আলমডাঙ্গা বু্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা মো. শাহারুল অভিযোগ করেছেন, সরকারি খাস জমি দখল করে সেপটি ট্যাংক ও প্রাচীর নির্মাণের কারণে তিনি ও তার ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। লিখিত অভিযোগে মো. শাহারুল জানান, তিনি আলমডাঙ্গা বিটিম মাঠের একপাশে নিজ বসতবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তার দাবি, একই এলাকার বাসিন্দা ও কুমারী ইউনিয়নের সমাজকর্মী মো. শহিদুল ইসলাম সরকারি খাস জমি দখল করে সেখানে সেপটিক ট্যাংক ও প্রাচীর নির্মাণ করেছেন। এর ফলে তার বাড়ির সামনে চলাচলের পথ সংকুচিত হয়ে তিনি ও তার ভাড়াটিয়ারা নিয়মিতভাবে দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। অভিযোগকারী আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং সরকারি খাস জমি দখলমুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি


