বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ দীর্ঘদিন পর আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন আলমডাঙ্গার সুপরিচিত ক্রীড়া সংগঠক ও মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী মামুনুর রশীদ (মন্ডল)।স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, খেলাধুলার প্রসারে নিরলস ভূমিকা এবং তরুণ খেলোয়াড়দের পাশে থাকার কারণে মামুনুর রশীদ মন্ডলের এ মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে আলমডাঙ্গায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং মেধাবী খেলোয়াড়দের বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে। এদিকে, কমিটি গঠনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক হিসেবে মামুনুর রশীদ মন্ডলের এই দায়িত্ব তাঁর কর্মনিষ্ঠা ও অবদানের যথার্থ স্বীকৃতি। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই অ্যাডহক কমিটি আলমডাঙ্গা উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ কার্যক্রম এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা।


