আলমডাঙ্গা ব্যুরো ॥ একজন আদর্শ শিক্ষক কখনো শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না; তিনি শিক্ষার্থীদের হৃদয়ে নৈতিকতা, মানবিকতা ও দ্বীনি মূল্যবোধের বীজও রোপণ করেন। দীর্ঘদিন ধরে এমনই নিষ্ঠা, আন্তরিকতা ও আদর্শিক শিক্ষাসেবার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন ওসমানপুর–প্রাগপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের।মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর সম্মানে এক আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রিয় শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, মাওলানা আব্দুল কাদের শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, নম্রতা, সততা ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম স্নেহ আগামী দিনেও সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান মাদ্রাসার ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রিয় শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও পরকালীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন তিনি মাওলানা আব্দুল কাদেরের ইলমী খেদমত কবুল করেন, তাঁর জীবনে বরকত দান করেন এবং উত্তম প্রতিদানে ভূষিত করেন। বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও সহকর্মী অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় উস্তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষায়, একজন শিক্ষক কর্মস্থল থেকে বিদায় নিলেও তাঁর শিক্ষা, আদর্শ ও স্নেহ কখনো বিদায় নেয় না; তা শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই প্রিয় উস্তাদের জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর সুস্বাস্থ্য, শান্তিময় ও বরকতময় জীবন প্রার্থনা করেন।


