বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ জীবনের কঠিন বাস্তবতায় যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, তখন মানবিক সহায়তার একটি হাতই হয়ে ওঠে বেঁচে থাকার নতুন প্রেরণা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় শহিদুল ইসলামের পরিবারের জন্য এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। সোমবার (২২ জুন ২০২৬) শহিদুল ইসলামের পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে টিন ও নগদ অর্থ তুলে দেন ইউএনও শাহীনুর আক্তার। দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শহিদুল চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটির আর্থিক অবস্থা চরম সংকটের মুখে পড়ে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ শহিদুলের চিকিৎসা, বসতঘরের জরাজীর্ণ অবস্থা এবং পরিবারের দুর্দশার খবর উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের জন্য টিন ও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়। সহায়তা পেয়ে শহিদুলের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। চিকিৎসা করাতে গিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। ইউএনও ম্যাডামের এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। অন্তত ঘর মেরামত করা যাবে এবং কিছু প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হবে।”এ সময় ইউএনও শাহীনুর আক্তার বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। একজন নাগরিক বিপদে পড়লে প্রশাসনের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। মানবিক বিবেচনায় শহিদুলের পরিবারের জন্য এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দারাও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন মানবিক সহায়তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ইতিবাচক বার্তা দেয়। মানুষের দুঃসময়ে প্রশাসনের পাশে থাকার এই চিত্র সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করে।অসহায় শহিদুলের পরিবারের মুখে ফিরে আসা হাসি যেন প্রমাণ করে মানবিকতার হাত যতদিন প্রসারিত থাকবে, ততদিন কোনো পরিবার সম্পূর্ণ একা হয়ে পড়বে না। প্রশাসনের এই সহমর্মিতা আসাননগরের একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।


