আলমডাঙ্গা ব্যুরো ॥ আনন্দ, আবেগ, প্রত্যাশা আর বিদায়ের মিশেলে এক হৃদয়ছোঁয়া পরিবেশের সৃষ্টি হয়েছিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে। নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে দিনভর মুখর ছিল পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে কলেজ প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। রঙিন সাজসজ্জা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা আর স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নবীনদের চোখে ছিল নতুন স্বপ্নের ঝিলিক, আর বিদায়ীদের চোখে ভেসে উঠছিল প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক ড. মফিজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে। নবীনদের স্বাগত জানাই, আর বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।”প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তরুণরাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তোমাদের মেধা, সততা ও দেশপ্রেমই একটি সুন্দর সমাজ গঠনে সবচেয়ে বড় শক্তি। শিক্ষা অর্জনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও তৈরি করতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। দীর্ঘদিনের বন্ধুত্ব, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আর ক্যাম্পাসজীবনের নানা স্মৃতি মনে করে কেউ কেউ চোখের জলও ধরে রাখতে পারেননি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। দিনশেষে বিদায়ী শিক্ষার্থীদের কণ্ঠে ছিল একটাই কথা— “এই ক্যাম্পাস, এই স্মৃতি, এই মানুষগুলো আজীবন হৃদয়ে গেঁথে থাকবে।”


