আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের মধুপুর গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি এসিড দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মধুপুর গ্রামের মৃত এসেম আলীর ছেলে মোঃ ফারুক হোসেনের মেয়ে মোছাঃ ফারজানা খাতুনের (১৮) সঙ্গে প্রায় এক বছর আগে একই গ্রামের মোঃ ইমান আলীর ছেলে মোঃ সিদ্দিকের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে যৌতুকের টাকা নিয়ে বিরোধের জেরে ফারজানাকে মারধর করা হয়। একপর্যায়ে শাশুড়ি বোতলে থাকা এসিড জাতীয় পদার্থ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খাওয়ানোর চেষ্টা করলে ওই পদার্থ তার মুখে পড়ে যায়। এতে তার মুখের একাংশ ঝলসে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।ঘটনার খবর পেয়ে বিকেলে ফারুক হোসেন মেয়েকে নিতে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। পরে তিনি মেয়েকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে অভিযোগকারী জানান, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।


