আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় বৃদ্ধা নারী ও তার পরিবারের ওপর হামলা, মারধর, স্বর্ণালংকার ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। লিখিত অভিযোগে মোছাঃ ময়না খাতুন (৩৫), পিতা-মৃত হাশর আলী, স্বামী- মৃত ওল্টু মিয়া, গ্রাম বাগুন্দা, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা জানান, তার নানা ১৯৯৭ সালে তার মা মোছাঃ ঠেকারী খাতুনের (৬০) নামে ৭ দশমিক ২৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ঠেকারী খাতুন। পরবর্তীতে তিনি জমিটি তার তিন মেয়ে ময়না খাতুন, চায়না খাতুন ও ঝর্ণা খাতুনের নামে রেজিস্ট্রি করে দেন। এরপর থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন। অভিযোগে বলা হয়, বলেশ্বরপুর গ্রামের মোঃ জালাল বিশ্বাস (৪৫), পিতা-মৃত মুনসুর আলী বিশ্বাস এবং তার পরিবারের সদস্যরা বাতিল নামজারির কাগজপত্র দেখিয়ে ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে ময়না খাতুন ও তার দুই বোন তাদের মায়ের বাড়িতে গেলে বিবাদীরা জমির দাবিতে ঠেকারী খাতুনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তাকে লাথি, কিল ও ঘুষি মেরে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে ময়না খাতুনকেও মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় বিবাদীপক্ষের এক নারী সদস্য তার গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও লকেট, যার আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে বাধা দিতে গেলে ঝর্ণা খাতুনের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। অপর বোন চায়না খাতুনও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান ও মতিয়ার রহমানসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় বিবাদীরা হুমকি দিয়ে বলে, “তোদের মা এই বাড়িতে একা থাকে, আজ রাতেই তাকে মেরে ফেলবো এবং ঘরবাড়ি ভেঙে দেবো।” এরপর থেকেই ঠেকারী খাতুন ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।অভিযোগকারী ময়না খাতুন বলেন, “আমার মা একজন অসহায় বৃদ্ধা নারী। তিনি একা বাড়িতে বসবাস করেন। তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা কোনো সংঘাত চাই না, শুধু মায়ের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।”তিনি আরও অভিযোগ করেন, বিবাদী তার চাকরির প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার হামলা, ছিনতাই ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বৃদ্ধা ঠেকারী খাতুনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


