আলমডাঙ্গা ব্যুরোঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ আনুষ্ঠানিকভাবে “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করেন। ঐতিহাসিক এ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ এবং বৃক্ষের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়। সরকারের এই মহতী উদ্যোগের লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সবুজ পরিবেশ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তার। এসময় তিনি বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ প্রজাতির গাছের চারা রোপণ করেন। রোপিত চারার মধ্যে ছিল আমলকী, কদবেল, পেয়ারা, নিম, জলপাই, আম, লিচু, সোনালু, বহেরা ও হরিতকী। বৃক্ষরোপণের পাশাপাশি তিনি চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। তাই সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশবিদদের মতে, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ দেশের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দেশব্যাপী শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, বরং সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের একটি জাতীয় আন্দোলনের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


