বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ॥ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিশুদের মাঝে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক গুণাবলি বিকাশে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ পান্না আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিকভাবে সমৃদ্ধ করতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে শিক্ষাদান করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার ফিল্ড অফিসার মোঃ আল মামুন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে, যা শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, শিশু মনস্তত্ত্ব, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হয়, যা স্থানীয় শিক্ষা ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


