আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার দায়িত্ব গ্রহণের পরপরই জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে তিনি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন ফুয়েল স্টেশন পরিদর্শন করেন এবং সরাসরি তদারকি করেন তেল বিতরণের সার্বিক পরিস্থিতি। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের স্পষ্টভাবে নির্দেশনা দেন—ফুয়েল কার্ড ব্যতীত কোনো অবস্থাতেই জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। একই সঙ্গে তিনি তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর মনোভাবের কথা জানান। তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকার নির্ধারিত নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না। বিশেষ করে লাইনে বিশৃঙ্খলা, কার্ড ছাড়া তেল বিতরণ কিংবা মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।এ সময় বিভিন্ন ফুয়েল স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তারা তেল পেতে দীর্ঘ সময় অপেক্ষা ও অনিয়মের বিষয়ে কিছু অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের অভিযোগ গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা তেল বিতরণ কার্যক্রমে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানান। জেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার আশা করা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোগান্তি অনেকাংশে কমে আসবে।


