কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় চ্যানেল ২৪ টেলিভিশনের অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) সকালে অফিসটি খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তছনছ করা হয়েছে অফিসের বিভিন্ন কক্ষেও।
অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল ২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এ সময় অফিসে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি ক্যামেরার মেমোরি কার্ড চুরি হয়েছে। একই সঙ্গে অফিসটির আলমারি, টেবিলের ড্রয়ার ও ফাইল কেবিনেটে থাকা বিভিন্ন কাগজপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তছনছ করা হয়েছে বিভিন্ন কক্ষেও। চ্যানেল ২৪ এর কুষ্টিয়াস্থ ক্যামেরাপার্সন এস আই সুমন বলেন, আমি সকাল সাড়ে ৯টায় অফিসে এসে দেখি অফিসের কাগজপত্র তছনছ হয়ে আছে। পরে রুমের ভেতর গিয়ে দেখি ল্যাপটপ নেই। ভাইয়ের রুমে গিয়ে দেখি তার ব্যবহৃত ল্যাপটপ নেই। পরে আমি ভাইকে জানালাম। সকালে অফিসটি পরিদর্শন করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ এ ঘটনা জানার পর চ্যালেন টোয়েন্টিফোরের অফিস পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।


