ঢাকা অফিস ॥ ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইসরায়েল। কাছাকাছি রয়েছে ভারতও। ১৬৩টি দেশের ওপর ভিত্তি করে তৈরি করা এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সন্ত্রাসবাদ পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ১ হাজার ৪৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর দেশটির জন্য সর্বোচ্চ। এর ফলে দেশটি বৈশ্বিক তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরায়েল তালিকার ১০ম স্থানে রয়েছে। তবে তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে ছয়টিই সাব-সাহারান আফ্রিকার (যেমন: বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, মালি)।আঞ্চলিক প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। সন্ত্রাসবাদ সূচকে ভারতের অবস্থান ১৩তম। তালিকার প্রথম সারিতে থাকা দেশগুলোর তুলনায় ভারতের অবস্থান তুলনামূলক স্থিতিশীল হলেও দক্ষিণ এশিয়ায় এটি অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। তবে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সাফল্যের প্রতিফলন দেখা গেছে বাংলাদেশের অবস্থানে। সূচকে বাংলাদেশের অবস্থান ৪২তম। অর্থাৎ, বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব অনেক দেশের তুলনায় কম।


