বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. এস. এম. মাহমুদুল হক। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার জোয়ার্দার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওনসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


