বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
আলমডাঙ্গার ঐতিহ্যবাহী রথতলা সার্বজনীন মহানামযজ্ঞের ৯৩তম বার্ষিক আয়োজন শুরু
/ ৫৩ দেখা হয়েছে
বার : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সম্প্রীতির আবহে শুরু হয়েছে ৯৩তম বার্ষিক রথতলা সার্বজনীন মহানামযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনের পর থেকেই কীর্তনাঙ্গন ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
যুগাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত মহানাম সংকীর্তনের ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও আয়োজিত এই মহাযজ্ঞে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেছেন। পুরো মন্দির প্রাঙ্গণজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানামযজ্ঞের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা ও পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসিবুল হক লিপু। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, মহানামযজ্ঞ উদযাপন কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী ভক্ত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, শনিবার ১ আগস্ট সূর্যোদয়ের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন, যা আগামী ৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তন দল মহানাম সংকীর্তন পরিবেশন করবে। পাশাপাশি ধর্মীয় আলোচনা, প্রার্থনা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
মহানামযজ্ঞের সার্বিক সেবায় নিয়োজিত রয়েছেন শ্রীমৎ সদানন্দ দাস ব্রহ্মচারী।
উদযাপন কমিটির সভাপতি বিজয় কুমার মোদি বলেন, “মহানামযজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ভক্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক মিলনের এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা আরও ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা। ”স্থানীয় ভক্তরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই মহানামযজ্ঞকে ঘিরে প্রতিবছরের মতো এবারও হাজারো মানুষের মিলনমেলা বসেছে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে রথতলা মন্দির প্রাঙ্গণ উৎসবের রঙে সেজে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহানাম সংকীর্তনের মাধ্যমে মানুষের আত্মিক শান্তি, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। সেই বিশ্বাসকে ধারণ করেই আলমডাঙ্গার শতবর্ষের ঐতিহ্যবাহী রথতলা সার্বজনীন মহানামযজ্ঞ প্রতি বছর ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ