বিনোদন প্রতিবেদক ॥ বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এখন আন্তর্জাতিক তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয় জল্পনা। প্রশ্ন উঠে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা? যদিও এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। এরপর নানা সময়ে বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসলেও এর কোন সতত্যা মিলেনি। এবার মরক্কোর আরেক ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
তাদের নাকি গত কয়েক মাসে একাধিকবার মরক্কোর কাসাব্লাঙ্কার আইন দিয়াব এলাকায় একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে জল্পনা আরও জোরালো হয়। শোনা যাচ্ছে, মরক্কোর ইয়াসিন বোনোর সঙ্গে প্রেম করছেন নোরা। যদিও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি ‘দ্য ক্রিস ফেড শো’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নোরা। সেখানেই সঞ্চালক তার কাছে জানতে চান, মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনে আদৌ কোনও সত্যতা রয়েছে কি না? এ প্রশ্নের উত্তরে নোরা হেসে বলেন,‘হ্যাঁ, ও আমার বন্ধু। খুবই ভালো বন্ধু।’ এরপরই বোনোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘ও অসাধারণ একজন মানুষ। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার।’ অভিনেত্রী স্পষ্ট করে দেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। সাক্ষাৎকারে নোরা আরও জানান, বোনোর সঙ্গে তার পরিচয় বহুদিনের। তবে কয়েক মাস আগে আবার তাদের যোগাযোগ শুরু হয়েছে। এই মন্তব্যের পরেও অনুষ্ঠানের সঞ্চালক মজা করে বলেন, দু’জনকে একসঙ্গে দারুণ মানাবে। সেই কথা শুনে নোরা কিছুটা লজ্জা পেলেও সম্পর্ক নিয়ে আর কোনও ইঙ্গিত দেননি। এদিকে, বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা জল্পনা ছড়িয়েছে। মরক্কোর কয়েকটি সংবাদমাধ্যমে তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রকাশিত হলেও বিষয়টি নিয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।


