ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই নাসির উদ্দীন মোল্লা বাদী হয়ে সন্ত্রাস দমন আইন, ২০০৯ (সংশোধিত ২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের দক্ষিণপাড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে সমর্থন, সহযোগিতা, গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে এ মিছিল করা হয়। ভিডিও প্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক, ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সন্ত্রাস দমন আইন, ২০০৯ (সংশোধিত ২০২৫)-এর ৮/৯/১২/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় ইবি ও কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। নামোল্লেখ করা ১৭ জনের বাইরে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “আসামিরা ঝটিকা মিছিল করে দ্রুত এলাকা ত্যাগ করেছে। বর্তমানে কেউ ঘটনাস্থলে নেই। মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।”


