কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া দি চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


