কাগজ প্রতিবেদক ॥ সড়ক দুর্ঘটনা আফরোজা বেগম নামে নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা মধুপুর বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত আফরোজা বেগম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আমতলা বড়ইচারা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আফরোজা সদর উপজেলার তৈলটুপি গ্রামে খালুর কুলখানির দাওয়াতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধুপুর বাজারে রাস্তা পারাপারের সময় বালুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার চৌড়াস হাইওয়ে থানা ওসি শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার ঘটনায় নিহত নারীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করে বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।


