এনএনবি : ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্সে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের তৃতীয় বসবাস উপযোগী শহরের তালিকায় ঢাকার নাম থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। এনিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি।” বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিল কারখানার কারণে পরিবেশের দূষণ যেভাবে হচ্ছে, তা নিয়ে আমাদের সবাই দায় আছে। ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজ জড়িত। বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ। এটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা উচিত হবে না, নৈমিত্তিক এটি করতে হবে। তিনি বলেন, সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি। লন্ডনেও এমন দেখেছি। সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর, সবুজায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে সরকার। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া রিডিউস, রিইউজ, রিসাইকেল জাতীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসময় প্রধানমন্ত্রী বলেন, আকাশমনিসহ অনেক ক্ষতিকর গাছ আছে, যা রোপণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া কোন মাটিতে কোন গাছ রোপণ ভালো হবে, তা জানতে হবে। ঔষধিসহ দেশীয় গাছ রোপণে মনযোগী হতে হবে। তিনি বলেন, সবকিছু আইন দিয়ে করা সম্ভব নয়, সচেতনতার মধ্য দিয়ে করতে হবে। অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই বিষয়ে একেবারেই অজ্ঞ। আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারাও সচেতনতা বৃদ্ধিতে কাজ করাকে পবিত্র দায়িত্ব মনে করতে হবে।” এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি। এর আগে গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।


