দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ইয়াবাসহ বিজয় আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটক বিজয় আহমেদ বাহিরমাদি গ্রামের বাসিন্দা এবং বিপ্লব ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদি গ্রামে অভিযান পরিচালনা করা হয়, এ সময় বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং নয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


