কাগজ প্রতিবেদক ॥ আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়া। আয়োজক সূত্রে জানা গেছে, আজ ১৬ জুন বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস মঞ্চ থেকে র্যালিটি শুরু হবে। পায়ে হাঁটা ও মোটরসাইকেল শোভাযাত্রার সমন্বয়ে আয়োজিত এ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। র্যালিতে অংশ নিতে সমর্থকদের আর্জেন্টিনার জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, ভুভুজেলা, বাঁশি ও আর্জেন্টিনার জার্সি পড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপকে সামনে রেখে কুষ্টিয়ার ফুটবলপ্রেমীরা এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা এস এম কাদেরী শাকিল জানান, বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ফ্যান ক্লাবের সভাপতি তানভীর আহমেদ সৌরভ ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান সেতু কুষ্টিয়ার সকল আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতি কামনা করেছেন। তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও আনন্দের মাধ্যম। বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


