কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার জগতি চিনিকলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার ৬দিন অতিক্রান্ত হলেও অজ্ঞাত ওই নারীর পরিচয় মেলেনি। গত ৬ মে বিকেলে গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হলে ময়না তদন্তকারী চিকিৎসক জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অন্তত ১০/১২ দিন পূর্বে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়। পরে ৭ মে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পৌর গোরস্তানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করতে হস্তান্তর করে পুলিশ। এঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। মামলা নং ১৮ তাং ০৮/০৫/২০২৬। পুলিশ সূত্রে জানায়, ৬ মে বুধবার জগতি সুগার মিলের পরিত্যক্ত কোয়াটারের পাশে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করলে সেখানে ময়না তদন্ত সম্পন্নকারী চিকিৎসক লাশের হাল সুরত ও পুলিশের সুরৎহাল রিপোর্ট পর্যালোচনা করে এটিকে হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে মন্তব্য করেন। কুষ্টিয়া পৌর গোরস্তানের তত্ত্ববধায়ক মৌলানা লিয়াকত আলী জানান, গত ৭ মে বিকেলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ একটি অজ্ঞাত মহিলা লাশের ময়না তদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করেন। গোরস্তানের বিধিমতে অজ্ঞাত মরদেহ দাফন কার্যক্রমের মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: হোসেন ইমাম জানান, যে কোন অজ্ঞাত ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর পর লাশের ময়না তদন্তসহ ডিএনএ প্রোফাইলের নমুনা সংগ্রহ ও সংরক্ষন করা হয়। যদি নিহতের পরিবারের কেউ কোন নমুনা উল্লেখসহ পরিচয় সনাক্তের দাবি করেন তখন সেগুলির বৈজ্ঞানিক সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বশেষ এই ডিএনএ টেষ্টই হতে পারে একমাত্র গ্রহনযোগ্য পন্থা। সুরতহাল প্রস্তুতকারী পুলিশ জানান, ‘মরদেহের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার সুস্পষ্ট জখমের চিহ্নসহ বিভিন্ন আঘাত জনিত ক্ষত রয়েছে। যা কিছু জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে- সাদা ও পেস্ট কালারের ছাপা কামিজ, টিয়া রংয়ের একটি ওড়না, কালো রংয়ের কামিজ একটি, কালো রংয়ের ওড়না একটি, কালো রংয়ের স্যালোয়ার একটি, লাল ও ব্লু রংয়ের সুতী প্রিন্টের ওড়না একটি, সাদা রংয়ের স্যান্ডেল একটি যার উপর ফ্যাশান মেড ইন চায়না লেখা আছে, গোলাপী রংয়ের একটা ছোট ভ্যানিটি ব্যাগ যার সম্মুখভাগে সাদা রংয়ের পুথির মালা লাগানো, ব্যাগের মধ্যে একটি কাগজে ০১৭৩১১৮৫৫১৭ এই মোবইল নম্বরটি লেখা ছিলো। বিভিন্ন কসমেটিক আইটেম, সিটি গোল্ডের ১টি নেকলেস, ১টি ব্্েরসলেট, গোলাপী রংয়ের প্রজাপতির ছবিয়ালা মাস্ক, ছোট বড় ৩ সেট কালো রংয়ের দুল পাওয়া যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার জগতি চিনিকলের পরিত্যাক্ত ভবন থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ও ময়না তদন্ত শেষে পৌর গোরস্তানে দাফন সম্পন্ন হয়েছে। এঘটনায় ৮ মে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে গণধর্ষন করে হত্যা করে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা।


