কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মা দিবসে মায়েদের প্রতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘ভিশন কুষ্টিয়া’র উদ্যোগে আজ শুক্রবার (৮ মে) আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে বেলা ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিশন কুষ্টিয়ার সভাপতি খোন্দকার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ‘ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (ঢাকা পুলিশ হেডকোয়ার্টার) মো: আসাদুজ্জামানসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে গর্বিত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


