কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রতিযোগিতার ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আহমেদ মাহবুবউল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকার। এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলাই আমাদের লক্ষ্য। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। চারদিন ব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী দিনে খোকসা ও মিরপুর উপজেলার মধ্যে বালক-বালিকাদের ফুটবল খেলার প্রতিযোগীতা অনুষ্টিত হয়। খেলায় খোকসা উপজেলা বালিকা ও মিরপুর উপজেলা বালক দল বিজয়ী হয়। তরুণদের মাঝে ক্রীড়া চর্চা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


