কাগজ প্রতিবেদক ॥ আগামী ৮ মে বাংলা ২৫ শে বৈশাখ শিলাইদহ কুঠিবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া জেলা সফরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয়, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গ্রহণযোগ্য প্রস্তুতির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী,কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।


