কাগজ প্রতিবেদক ॥ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেট অতিক্রম করে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্নয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদ, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার সহ ১১ দলীয় ঐক্য এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ যে রায় গনভোটের মাধ্যমে দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন।


