ওলি ইসলাম, ভেড়ামারা থেকে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।” এসময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


