কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বেড় কালোয়া গ্রামের রাব্বি, জনি , সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি ও আলম। এদের মধ্যে রাব্বি, জনি ও সারুপ কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আজ রবিবার সকালে বেড় কালোয়া মোড়ে বেড় কালোয়া গ্রামের রতন একই গ্রামের ক্যাসেট নামের এক যুবককে কোমলপানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারে। এতে ক্যাসেট রাগান্বিত হয়। এসময় সেখানে থাকা আলম নামের এক ব্যাক্তি রতনকে রাগবাগ করে। এই ঘটনার জের ধরে সন্ধার আগে রতন সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


