ঢাকা অফিস ॥ পুঁজিবাজারের বহুল আলোচিত ও বিতর্কিত নাম জাভেদ অপগেনহেফেন। একদিকে প্যারিসে ২৭০ কোটি টাকা ব্যয়ে রাজকীয় বিয়ে, অন্যদিকে দেশের ব্যাংকের টাকা আত্মসাৎ করে ‘ঋণ খেলাপি’। বকেয়া ঋণ আদায়ে এবার তার রাজধানীর বনানীর বিলাসবহুল বাড়িটি ক্রোক করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ছবিসহ একটি ‘সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যেখানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস এস স্টিল লিমিটেডের চেয়ারম্যান জাভেদ অপগেনহেফেনের মালিকানাধীন বনানীর ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর প্লটের বাড়িটি ক্রোক করার আদেশ প্রচার করা হয়। ব্যাংকের কঠোর পদক্ষেপ ইস্টার্ন ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এস এস স্টিল লিমিটেডের বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালত-০৩, ঢাকায় ২৬৭৩/২৪ নম্বর মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ মূলে (১৬/০৩/২০২৫) জাভেদ অপগেনহেফেনের মালিকানাধীন বনানী আবাসিক এলাকার ৫ কাঠা জমির ওপর নির্মিত সব স্থাপনা ক্রোক করা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে ব্যাংকের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং এই সম্পত্তি সংক্রান্ত যেকোনো লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও আদালত অবমাননার শামিল বলে ঘোষণা করা হয়েছে।


