এনএনবি : আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল চলতি মাসের শুরুর দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ পেয়েছে মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউ ইয়র্কভিত্তিক গোষ্ঠীটি বলেছে, দক্ষিণ লেবাননের ইয়োমরে একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাসভর্তি গোলা ছোড়ার ৭টি ছবির সত্যতা নিশ্চিত হতে পেরেছে তারা। মঙ্গলবারের এ ঘটনায় অন্তত দুটি বাড়িতে আগুন ধরে গিয়েছিল। এইচআরডব্লিউ’র সঙ্গে থাকা লেবাননের গবেষক রামজি কায়েস বলেছেন, “ইসরায়েলের সামরিক বাহিনী বেআইনিভাবে আবাসিক এলাকাগুলোর ওপর সাদা ফসফরাস ব্যবহার করেছে—যা অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ নাগরিকদের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। সাদা ফসফরাসের দাহ্য ক্ষমতা মৃত্যু বা আজীবন ভোগা লাগবে এমন নিষ্ঠুর ক্ষতের কারণ হতে পারে।” আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের সুযোগ আছে, তবে তা এমনভাবে করতে হবে যেন বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো যায়। জনবহুল এলাকায় আকাশ থেকে নির্বিচারে সাদা ফসফরাস ফেলা পুরোপুরি বেআইনি। এর রাসায়নিক উপাদান অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র জ্বলে ওঠে, যে কারণে এটি সহজেই বাড়িঘর, কৃষি এলাকা ও অন্যান্য বেসামরিক স্থাপনা পোড়াতে পারে। এইচআরডব্লিউ বলছে, তারা ইয়োমরে বেসামরিক লোকজনের বসতির ওপর বেআইনিভাবে সাদা ফসফরাসভর্তি গোলা ব্যবহার করার প্রমাণ পেয়েছে। সাদা ফসফরাসের কারণেই সেখানে একাধিক বাড়িঘর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন লাগে। “ইসরায়েলের উচিত অবিলম্বে এ ধরনের কাজ বন্ধ করা। যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, সাদা ফসফরাসের গোলাসহ, তাদের উচিত অবিলম্বে ইসরায়েলে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত রাখা এবং বেসামরিক এলাকায় সাদা ফসফরাসের গোলা মারা বন্ধে চাপ দেওয়া,” বলেছেন কায়েস। ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকা খালি করে দিতে বলার পর এরই মধ্যে অন্তত ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সোমবারও তেল আবিবের বিমান বৈরুতের দক্ষিণপ্রান্তে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনীও লেবাননের রাজধানীতে থাকা হিজবুল্লাহ সংশ্লিষ্ট একাধিক নিশানায় হামলা চালানোর কথা জানিয়েছিল। দিনকয়েক আগে থেকে শুরু হওয়া এ দফা ইসরায়েলি হামলায় এরই মধ্যে লেবাননে অন্তত ৩৯৪ জন নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে।
এইচআরডব্লিউ তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং ইসরায়েলের যেসব কর্মকর্তা মারাত্মক অপরাধে জড়িত তাদের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েল এর আগেও বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে-র মধ্যে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলোর ওপর সাদা ফসফরাস ব্যবহার করে বেসামরিক মানুষজনকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছিল, ভাষ্য মানবাধিকার গোষ্ঠীটির।


