নাজমুল হুসাইন, ইবি থেকে ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে রুনার নিজ অফিস কক্ষে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য- সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান। এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান,চিঠিটি পাওয়ার পর এ কমিটির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে এ হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে রুনা হত্যা মামলায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন-সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, অধ্যাপক হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে এ আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


