কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের আয়োজনে, সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সারাদেশে ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা ২০২৬ অনুযায়ী জেলার ছয় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া বাজার এলাকা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণসহ যুব সমাজকে ক্রীড়া সামগ্রী ফুটবল প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে সভাপতিত্ব করেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলফাজ উদ্দিন। এ সময় প্রধান অতিথি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন মহোদয় বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। খেলাধুলার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন তার জন্য সার্বিক সহযোগিতা করার হবে বলে জানান তিনি।
প্রশাসক আরো বলেন, একটি সবুজ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করতে হবে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে।
তিনি উপস্থিত সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং খেলাধুলার প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শংকরদিয়া এলাকার শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়।


