কাগজ প্রতিবেদক ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া এসবি পরিবহন বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নদী থেকে বাসটিকে উদ্ধার করা হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসটি থেকে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় চালক, সুপারভাইজার ও চালকের সহকারী বাসটিতে ছিলেন। তারা নদীতে ঝাপ দিয়ে বেঁচে যায়। পরে তাদের আহতাবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলেও জানান তিনি। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউডিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট থেকে পন্টুন এলাকায় প্রবেশ করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি নদীতে পড়ে যায়।
এর আগে, গত ২৫ মার্চ একই ফেরিঘাট এলাকায় ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ে গেল পদ্মায়।


