এনএনবি : পশ্চিম এশিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে শান্তি ফেরাতে এবং ইরান ও আরব দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে মধ্যস্থতাকারী হিসাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানকে আলোচনায় বসাতে ভারত ভূমিকা রাখতে পারে বলে মনে করে রাশিয়া। সেকারণে ভারতের বিশাল কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির কথা উল্লেখ করে পশ্চিম এশিয়া ও ইরান-আমিরাত সংকটে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম প্রস্তাব করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এক বিবৃতিতে ল্যাভরভ এই প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জরুরি কিছু বিষয়ে আলোচনা চালিয়ে নিতে সহায়তা করছে। তবে ইরান ও তার আরব মিত্রদের মধ্যে দীর্ঘমেয়াদী মধ্যস্থতার জন্য ভারতের বিশাল কূটনৈতিক অভিজ্ঞতা উপযুক্ত হতে পারে। ল্যাভরভ এমন এক সময়ে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম প্রস্তাব করলেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে রয়েছেন। ল্যাভরভ মনে করেন, ব্রিকসের বর্তমান চেয়ারম্যান এবং জ্বালানির অন্যতম বড় আমদানিকারক হিসেবে এই অঞ্চলের স্থিতিশীলতায় ভারতের সরাসরি স্বার্থ রয়েছে। তিনি বলেন, “ভারত ব্রিকসের বর্তমান সভাপতি এবং এই অঞ্চল থেকে তেল আমদানিতে তাদের সরাসরি স্বার্থ রয়েছে। তারা কেন তাদের সেবার প্রস্তাব দেবে না? তারা ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাতে পারে, যাতে দুই দেশের মধ্যে যে কোনও ধরনের সংঘাত বা বৈরিতা এড়ানো সম্ভব হয়।” রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরান ও আরব দেশগুলোর মধ্যে শত্রুতা গভীর করার চেষ্টা করছে। তিনি এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিনা উসকানিতে অভিযানকে দায়ী করেন। অন্যদিকে, মস্কো উত্তেজনা প্রশমনে কাজ করছে বলে তিনি দাবি করেন। কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক অংশগ্রহণের মাধ্যমে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া রোধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ল্যাভরভ।


