বিনোদন প্রতিবেদক ॥ লিভার জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছে। শুরুতে ফুসফুসের চিকিৎসা করা হবে। এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট। কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পর থেকে গত তিন দিন তাদের চিকিৎসায় আমরা সন্তুষ্ট। আমার মেয়ের অনেক যতœ নিচ্ছেন তারা। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, আইসিইউতে সব সময় দুজন নার্স থাকেন, আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।’
কায়সার হামিদ আরও বলেন, ‘ফুসফুসের চিকিৎসা তারা শুরু করেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এরপর লিভারের চিকিৎসা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ গত মঙ্গলবার কারিনার বাবা সামাজিক মাধ্যমে জানান, সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই। তার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন বোনকে লিভার ডোনেট করবেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা নিয়মিত অভিনয় ও চিত্রনাট্য লিখছিলেন। ‘ইনটার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ নাটকগুলোয় তাকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের কারণে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।


