এনএনবি : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েন নিয়ে অত্যন্ত জোরালো ও স্পষ্ট বার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মার্কিন সরকারের দীর্ঘদিনের নেতিবাচক কর্মকা- এবং নীতিগত অবস্থানের কারণে ইরানের সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে এক ধরনের গভীর ঐতিহাসিক অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। এই অবিশ্বাস দূর করা রাতারাতি সম্ভব নয় এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বার্তায় বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করে জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য এবং গৃহীত পদক্ষেপগুলো মোটেও গঠনমূলক নয়। বরং তাদের এই পরস্পরবিরোধী আচরণ ইরানের কাছে একটি তিক্ত বার্তা পৌঁছে দিচ্ছে।
তার মতে, যুক্তরাষ্ট্র মূলত আলোচনার পরিবর্তে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কৌশল গ্রহণ করেছে। তবে তিনি কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের জনগণ কোনো প্রকার জবরদস্তি বা চাপের কাছে অতীতেও নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। এতসব তিক্ততার মাঝেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে যেকোনো ধরনের অর্থপূর্ণ এবং ফলপ্রসূ সংলাপের জন্য পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা অপরিহার্য।
যদি যুক্তরাষ্ট্র সত্যিই কোনো সমাধান চায়, তবে তাদের অবশ্যই আগের দেওয়া প্রতিশ্রুতিগুলো সম্মান করতে হবে এবং আধিপত্যবাদী আচরণ পরিহার করতে হবে। কেবল তখনই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। সূত্র : আলজাজিরা।


