বিনোদন প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়েও মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে এই সিদ্ধান্তে হতাশ না হয়ে বরং নতুন উদ্যমে রাজনীতিতে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভে এসে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন চমক। এ সময় তাকে নিয়ে হওয়া ট্রল ও নেতিবাচক মন্তব্যেরও জবাব দেন এই অভিনেত্রী। চমক বলেন, ‘আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুশবার ফেল করবো, দুশবার চেষ্টা করবো। যারা ভাবছেন ট্রল করে আমাকে থামিয়ে দেবেন, তারা ভুল করছেন। এটা আমার শুরু-রাজনীতিতে আমার পথচলার শুরু।’ তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদেরই দল আগে মূল্যায়ন করবে-এটাই স্বাভাবিক। তাই মনোনয়ন না পাওয়ায় তার কোনো আক্ষেপ নেই। বরং যারা দীর্ঘদিন ধরে দলকে সময় দিয়েছেন, তাদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। নেতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান চমক। সেসব থেকেই অনুপ্রেরণা নিয়ে সামনে আরও বড় পরিসরে কাজ করার ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘খেলাটা মাত্র শুরু হলো। সামনে জাতীয় নির্বাচন করবো।’ মনোনয়ন পাওয়া প্রার্থীদের অভিনন্দন জানিয়ে চমক বলেন, ‘আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই। আমরা সবাই মিলে দল ও দেশের জন্য কাজ করতে চাই।’ দেশ ও মানুষের সেবার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য দেশ ও দশের জন্য কাজ করা। কুষ্টিয়ার মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।’ প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন চমক। ২০২০ সালে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।


