কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ শনিবার সকাল থেকেই আবারও শুরু হয়েছে বাস চলাচল। পুলিশ সুপারের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক। এর আগে দুই দফা দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, প্রাগপুরসহ বিভিন্ন রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল। শ্রমিকদের দাবির মধ্যে ছিল, মালিকদের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস খুলনা রুটে চলাচলের অনুমোদন। বৈঠকের পর সমঝোতায় পৌঁছানোয় ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক হয়েছে কুষ্টিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা।


