বিনোদন প্রতিবেদক ॥ ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই বরেণ্য শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জীবনের ইতি ঘটে তার।
১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছোটবেলা থেকেই গানের জগতে পথচলা শুরু করেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার গায়িকা হিসেবে যাত্রা শুরু করে ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর কয়েক দশক ধরে বলিউডসহ উপমহাদেশের সংগীতজগতে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন।
তার বড় বোন লতা মঙ্গেশকর-এর ছায়া থেকেও নিজস্ব গায়কী ও বৈচিত্র্যময় কণ্ঠের জাদুতে তিনি গড়ে তুলেছিলেন আলাদা পরিচয়। হাজারো অমর গান উপহার দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই সংগীত সম্রাজ্ঞী। দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিলেন।
ব্যক্তিগত জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। পরবর্তীতে বিখ্যাত সুরকার রাহুল দেব বর্মণ-এর সঙ্গে তার সম্পর্ক সংগীতজগতে এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে। আজ তার প্রয়াণে শুধু একজন শিল্পীকে নয়, হারালো একটি যুগ, একটি ইতিহাস। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই কিংবদন্তিকে। তার গান বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।


