এনএনবি : ইরান হরমুজ প্রণালি চালু না করলে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরে ইরানে পারমাণবিক অস্ত্র হামলা নিয়ে সৃষ্ট গুঞ্জন নাকচ করেছে হোয়াইট হাউজ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও পারিকল্পনা থাকার কথা হোয়াইট হাউজ অস্বীকার করেছে।
ট্রাম্পের ওই মন্তব্য ছাড়াও ইরানে সামরিক অভিযান নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যও ইরানে পারমাণবিক হামলা নিয়ে জল্পনা উস্কে দেয়।
তিনি বলেছিলেন, ট্রাম্পের দেওয়া আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র আছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’। এরপরই ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পরে বলে আলোচনা শুরু হয়। তবে ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনও ইঙ্গিত ছিল না বলে দাবি করেছে হোয়াইট হাউজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউজ লিখেছে, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধেরা।”
তবে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট অবশ্য এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এক বিবৃতিতে বলেন, “কেবল প্রেসিডেন্টই জানেন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে এবং তিনি কি করবেন।” মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লেখেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।” “আজ রাতেই আমরা দেখতে পাব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর অবসান শেষ পর্যন্ত হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন,” লেখেন ট্রাম্প।
এই কথার পরই টেক্সাসের ডেমোক্র্যাটিক গভর্নর জ্যাকুইন ক্যাস্ট্রো অবিলম্বে ট্রাম্পকে স্পষ্ট করে একথা বলার আহ্বান জানান যে, তিনি (ট্রাম্প) পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না। তার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যে ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার ইঙ্গিত নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে হোয়াইট হাউজ বিষয়টি অস্বীকার করল।


