এনএনবি : ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ বলেছেন, তার দেশের বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ওপর গুলির বৃষ্টি বইয়ে দেওয়া যায়। প্রায় সাড়ে তিন হাজার সেনা ইউএসএস ত্রিপোলি রণতরীতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর ইরানের স্পিকার একথা বললেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কয়েক সপ্তাহ ধরেই ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ অনুমোদন করবেন কিনা সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিয়টন পোস্ট’ পত্রিকা। চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। কিন্তু তারপরই তিনি বলেন, যদি পাঠাইও, সেটি আমি আপনাদেরকে বলব না। আবার গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র কোনও স্থলসেনা ছাড়াই ইরানে তাদের লক্ষ্য অর্জন করতে পারে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সেনা মোতায়েনের মানে ট্রাম্পের হাতে বিকল্প রাখা বলে জানান তিনি। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে, খার্ক দ্বীপ দখল করা যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। হরমুজ প্রণালির কাছের এলাকায় নজরদারিও শুরু করেছে মার্কিন সেনারা। ফলে সেই জল্পনা আরও বাড়ছে। এই জল্পনা বাড়তেই ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে- যুক্তরাষ্ট্র যদি কোনও রকম স্থলঅভিযানের করার চেষ্টা করে, তা হলে অকল্পনীয় হামলার মুখে পড়তে হবে। এরপরই ইরান জানাল, মার্কিন সেনাদের জন্য তারা অপেক্ষা করছে।


