এনএনবি : ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং তেলের দামের উর্ধ্বগতির মুখে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে ভিয়েতনাম। রয়টার্স লিখেছে, জ্বালানি সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই পরামর্শ দেয়। মঙ্গলবার সরকারের এক বিবৃতিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যের জ্বালানি আমদানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে আছে ভিয়েতনাম। বিবৃতিতে বলা হয়, যাতায়াত ও পরিবহনের প্রয়োজনীয়তা কমাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত ‘সম্ভব হলে কর্মীদের বাসা থেকে কাজ করতে উৎসাহিত করা।’ ভিয়েতনামের শীর্ষ জ্বালানি ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘পেট্রোলিমেক্স’-এর তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে পেট্রোলের দাম ৩২ শতাংশ, ডিজেলের দাম ৫৬ শতাংশ এবং কেরোসিনের দাম ৮০ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার রাজধানী হ্যানয়ের পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মোটরবাইকের দীর্ঘ সারি দেখা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের প্রতি জ্বালানি তেল মজুত বা এটি নিয়ে কারসাজি না করারও অনুরোধ জানানো হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ফাম মিন মিন গত সোমবার কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ভিয়েতনাম সরকার গত সোমবার জ্বালানি আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, যা এপ্রিলের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।


