বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
/ ২১ দেখা হয়েছে
বার : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

এনএনবি : তিন মাস পর আবার বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
আগস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এ দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। আগস্টের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটার প্রতি ৭০ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। বিইআরসি বলেছে, সৌদি আরামকোর আগস্ট মাসের প্রোপেন (বর্ণহীন, গন্ধহীন এবং সহজে তরলীকৃত জ্বালানি, যা প্রাকৃতিকভাবে গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও পেট্রোলিয়াম শোধনের মাধ্যমে পাওয়া যায়) ও বিউটেনের (বর্ণহীন ও অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন গ্যাস) সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইজ) অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে। আগস্টে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের দর ৬৪০ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।
জুলাইয়ে গড় সৌদি সিপি ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ৫৯৩ ডলার। সে হিসাবে অগাস্টে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ৪০ ডলার বেড়েছে। এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৮০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নিয়ে অগাস্টের দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির কেজি প্রতি দাম মূসকসহ ১২৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫০ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে। এর আগে জুলাই মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করেছিল বিইআরসি। ওই সমন্বয়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তার আগে জুনে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছিল। ১৯ এপ্রিল দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা এবং ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়। বিইআরসি বলেছে, এলপিজি মজুত ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ