বিনোদন প্রতিবেদক ॥ অভিনয় থেকে বিরতি নেওয়ার পর এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ পরিচিত মুখ। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ঊইট)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোভিশনের আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’ তে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।


