বিনোদন প্রতিবেদক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বর্তমানে ভালো নেই। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এখন অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান। সনি রহমান বলেন, ‘শনিবার রাতে চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ও মমতাময়ী মা খালেদা আক্তার কল্পনা আপুকে দোয়া নিতে ফোন দিয়েছিলাম। তখন তিনি আমাকে নিজের অসুস্থতার কথা জানান। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে বলেছি, কোনো প্রয়োজন হলে যেন আমাকে জানান। আমরা শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছি।’ অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কল্পনা আপুর বয়স হয়েছে। বয়স হলে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে পথচলা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। মিজানুর রহমান পরিচালিত ‘হনুমানের পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।
অভিনয়ে আসার আগে কল্পনার পেশা ছিল শিক্ষকতা। চলচ্চিত্রে তার আগমনের গল্পটিও বেশ চমকপ্রদ। ১৯৮৪ সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে একটি কাগজে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের বিজ্ঞাপন পান তিনি। কৌতূহলবশত আবেদন করলেও পরে বিষয়টি ভুলে যান। কিছুদিন পর স্কুল ছুটিতে ঢাকায় বেড়াতে এসে তার দেখা হয় একসময় মঞ্চে একসঙ্গে অভিনয় করা বন্ধু পঙ্কজ বৈদ্যের সঙ্গে। তার অনুরোধে এফডিসিতে গেলে তাৎক্ষণিক অভিনয় দেখাতে বলা হয় কল্পনাকে। তখন তিনি পাগল চরিত্রে অভিনয় করে উপস্থিত সবার নজর কাড়েন। পরে নতুন মুখ হিসেবে নির্বাচিত হন এবং সেখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র জীবন।


