বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ
/ ৪ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে নতুন সুখবর পেলেন তার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ সিনেমার সিংহভাগ শুটিং শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেবল একটি আন্তর্জাতিক শিডিউল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টেই শুরু হবে শেষ ধাপের শুটিং। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, ‘কিং’র শেষ শিডিউলের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে লোকেশন খুঁজছে নির্মাতা দল। সম্ভাব্য শুটিং স্পট পরিদর্শনের পাশাপাশি চলছে প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক প্রস্তুতিও।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমার মূল অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু বিদেশে একটি বড় শিডিউল বাকি। বর্তমানে নির্মাতা দলের সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার কাজ শেষ হলে তারা দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ ঘুরে দেখবেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই পুরো ইউনিট চূড়ান্ত শুটিংয়ের জন্য বিদেশে যাবে। জানা গেছে, ‘কিং’র আন্তর্জাতিক অ্যাকশন দৃশ্যগুলো এমন সব নতুন ও দৃষ্টিনন্দন লোকেশনে ধারণ করা হবে, যা এর আগে বড়পর্দায় খুব একটা দেখা যায়নি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খান দুজনেই দর্শকদের জন্য ভিন্নধর্মী ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দিতে চান। গত বছরের নভেম্বরে শাহরুখ খানের জন্মদিনে বিশেষ একটি টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘কিং’র ঘোষণা দেওয়া হয়। সেখানে রুপালি চুলের নতুন লুকে হাজির হন শাহরুখ। তার সংলাপ- ‘ভয় নয়, আমিই আতঙ্ক’-মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার অন্যতম আকর্ষণ শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। বাস্তব জীবনের বাবা-মেয়েকে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমায় শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ পেশাদার ঘাতকের চরিত্রে। আর সুহানা অভিনয় করছেন তার শিষ্যের ভূমিকায়, যাকে বিপজ্জনক নানা মিশনের জন্য প্রস্তুত করেন তিনি। শুধু শাহরুখ ও সুহানা নন, ‘কিং’-এ আরও রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল। বড় বাজেট, আন্তর্জাতিক লোকেশন, জমজমাট অ্যাকশন, তারকাবহুল অভিনয়শিল্পী এবং প্রথমবার বাবা-মেয়ের জুটি-সব মিলিয়ে ‘কিং’ এখন বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ