এনএনবি : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ‘হোলি ল্যান্ড’ বা ‘পবিত্র ভূমিতে’ সম্প্রতি বহুগুণে বেড়ে যাওয়া ‘খ্রিষ্টান-বিরোধী কর্মকা-’ তার দেশ আর ‘কোনোভাবেই সহ্য করতে পারে না’। পশ্চিম জেরুজালেমে এক ফ্রেঞ্চ ক্যাথলিক নানের ওপর নির্মম হামলার ঘটনা তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যে ঘটনা গত কয়েকদিন ধরে অনলাইন-অফলাইনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, বলছে আল জাজিরা।
বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশ ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই নানকে অনুসরণ করার পর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন, তারপর হেঁটে খানিকটা দূরে চলে যান, কিন্তু কিছুক্ষণ পরই আবার ফিরে এসে মাটিতে পড়ে থাকা নানকে লাথি মারেন। এ ঘটনায় ফরাসী ওই নান মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। হামলাকারী ব্যক্তি ইসরায়েলি ইহুদি বলে একাধিক গণমাধ্যম পরে নিশ্চিত করে। ভারতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমোন এই হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যাও দিয়েছেন, জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।
“যে এই জঘন্য কাজ করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার শাস্তি যেন হয় দৃষ্টান্তমূলক,” বলেছেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বারো। তিনি আঘাত পাওয়া নানের ‘দ্রুত সুস্থতাও’ কামনা করেন।


